পৃথিবীর সবচেয়ে সরু নদীর কোনটি

পৃথিবীর সবচেয়ে সরু নদীর কোনটি?

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
3 মিনিট পড়তে লাগবে

পৃথিবীর বিশাল ভূখণ্ডজুড়ে বয়ে চলা অসংখ্য নদ–নদী সাধারণত তাদের বিশালতা বা দৈর্ঘ্যের জন্য পরিচিত। আমাদের দেশের পদ্মা বা ব্রহ্মপুত্রের মতো নদীগুলো অনেক চওড়া হয়ে থাকে। কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে চীনে। সেখানে এমন এক নদী রয়েছে, যা তার দৈর্ঘ্যের জন্য নয়, বরং অস্বাভাবিক সরু হওয়ার কারণে বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। নদীটি এতটাই সরু যে একটি ছোট শিশুও লাফ দিয়ে সহজেই পার হতে পারে। চীনের ইনার মঙ্গোলিয়া মালভূমিতে অবস্থিত এই নদীর নাম হুয়ালাই। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই নদী হাজার হাজার বছরের পুরোনো এবং এটি প্রচলিত নদীর সংজ্ঞাকেই যেন চ্যালেঞ্জ জানায়।

আমাজন নদী শুষ্ক মৌসুমে প্রায় ৬ মাইল এবং বর্ষায় ২৪ মাইল পর্যন্ত চওড়া হয়ে থাকে। সেখানে হুয়ালাই নদীর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৪ সেন্টিমিটার প্রশস্ত। ১৭ কিলোমিটার দীর্ঘ এই জলধারা কোনো ড্রেন বা নালা নয়, এটি একটি পূর্ণাঙ্গ নদী। চীনের বিশেষজ্ঞদের মতে, এটি অন্তত ১০ হাজার বছর ধরে তৃণভূমির বুক চিরে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। হুয়ালাই নদীর সরু অবয়ব দেখে অনেকে একে সাধারণ নালা বা ঝরনা মনে করতে পারেন। কিন্তু ভূতত্ত্ববিদদের মতে, একটি নদী হওয়ার জন্য তার আকার নয়, বরং প্রবাহের ধারাবাহিকতা এবং কাঠামোগত বৈশিষ্ট্যই আসল। হুয়ালাই নদীর নিজস্ব উপত্যকা ও প্লাবনভূমি রয়েছে। এ ছাড়া নদীটি গভীরতায় প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, যা এর স্থায়িত্ব ও গভীরতার প্রমাণ বহন করে।

নদীটির উৎস এখনো রহস্যে ঘেরা। ধারণা করা হয়, এটি একটি ভূগর্ভস্থ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে হেক্সিফটেন গ্রাসল্যান্ড নেচার রিজার্ভের দালাই নুর হ্রদে গিয়ে মিশেছে। চীনে এই নদী বুক ব্রিজ রিভার বা “বই সেতুর নদী” নামেও পরিচিত। এই নামের পেছনে রয়েছে একটি চমৎকার লোককথা। বলা হয়, বহু আগে একটি শিশু নদী পার হওয়ার সময় ভুল করে তার বইটি সবচেয়ে সরু স্থানে ফেলে দেয়। আশ্চর্যজনকভাবে বইটি নদীর দুই কূলের মাঝে এমনভাবে আটকে যায়, যেন সেটি একটি সেতু। এরপর একদল পিঁপড়া সেই বইয়ের ওপর দিয়েই নদী পার হয়। এই ঘটনাকে ঘিরেই স্থানীয়ভাবে নদীটির এমন নামকরণ করা হয়েছে।

হুয়ালাই নদী দেখতে প্রতি বছর বহু পর্যটক ও প্রকৃতিপ্রেমী ছুটে আসেন। হাজার হাজার বছর ধরে এত ক্ষুদ্র এক জলধারা কীভাবে নিজের অস্তিত্ব অটুট রেখেছে, হুয়ালাই নদী যেন সেই প্রশ্নের জীবন্ত উত্তর।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন