Friday, February 27, 2026

গরম লেবুর পানি কি স্বাস্থ্যের জন্য ভালো?

শেয়ার

বিজ্ঞাপন
গরম লেবুর

গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও অভাব নেই। স্ক্রল করলেই দেখা যায় ইনফ্লুয়েন্সাররা এক হাতে লেবু ও অন্য হাতে ধোঁয়া ওঠা মগ নিয়ে বলছেন, ‘মাত্র এক সপ্তাহ এই পানীয় নিয়মিত খেলে ওজন কমে যাবে!’ শরীর বিষমুক্ত হওয়া, হজম ভালো হওয়া, ত্বক মসৃণ হওয়া থেকে শুরু করে এর নাকি হাজারো গুণ। এটি নাকি শক্তি বাড়ায়, এমনকি মনোযোগও বৃদ্ধি করে। কিন্তু বিজ্ঞান কী বলে? এই দাবিগুলো কতটা সত্য?

নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রশ্নোত্তরমূলক প্রতিবেদনে পুষ্টিবিদ ও গবেষকেরা এই বিষয়ে তাঁদের মতামত দিয়েছেন। তাঁদের মতে, গরম পানিতে লেবু চিপে খাওয়া খারাপ কিছু না। তবে একে অলৌকিক পানীয় বা সব সমস্যার সমাধান ভাবার কোনো কারণ নেই। দিনের শুরুতে লেবু পানি খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো, এটি শরীরকে হাইড্রেট করে।

রাতে দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার পর সকালে তরল গ্রহণ করা শরীরের জন্য জরুরি। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হাড়ের সংযোগগুলো নমনীয় রাখা এবং ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বর্জ্য বের করে দেওয়ার কাজে পানির ভূমিকা অপরিহার্য। পর্যাপ্ত পানি খেলে ত্বক ভালো থাকে, মন ফুরফুরে থাকে এবং চিন্তাভাবনা পরিষ্কার হয়। তবে এখানে একটা বড় ‘কিন্তু’ আছে। এই হাইড্রেশন বা আর্দ্রতা কিন্তু লেবুর জন্য হয় না। সাধারণ পানি, হারবাল চা, এমনকি কফি দিয়েও একই কাজ করা যায়। লেবু যোগ করলে আলাদা কোনো জাদু ঘটে না।

গবেষণায় দেখা গেছে, বেশি ভিটামিন সি খেলেই যে সর্দি কম হবে বা দ্রুত সেরে যাবে, এমন নয়। বহু গবেষণার পর্যালোচনায় বিজ্ঞানীরা দেখেছেন, উচ্চমাত্রার ভিটামিন সি সাপ্লিমেন্টও সাধারণ মানুষের সর্দি-কাশির তীব্রতা বা আক্রান্ত হওয়ার সময় খুব একটা কমাতে পারে না। তাছাড়া ভিটামিন সির ঘাটতি উন্নত দেশগুলোতে তুলনামূলকভাবে বিরল, তবু সেসব দেশের মানুষের সর্দি-কাশি হয়।

লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে। বড় একটি লেবুর অর্ধেক রস খেলে প্রতিদিনের দরকারি ভিটামিনের প্রায় এক-চতুর্থাংশ ভিটামিন সি পাওয়া যায়।তবে ৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা গেলে ভিটামিন সি দ্রুত নষ্ট হতে শুরু করে। ফুটন্ত পানিতে লেবুর রস দিলে খুব অল্প সময়ের মধ্যে এর বেশিরভাগ ভিটামিন সি নষ্ট হয়ে যায়।

গরম লেবু পানি অবশ্যই একটি ভালো পানীয়। এতে ক্যালোরি কম থাকে এবং চিনি মেশানো পানীয়ের তুলনায় এটি নিঃসন্দেহে ভালো বিকল্প। সকালে গরম পানির সঙ্গে লেবুর টক স্বাদ অনেকের কাছে সতেজ লাগতে পারে। দিন শুরুর জন্য এটা ভালো হতে পারে। কিন্তু এটিকে ডিটক্স, ওজন কমানোর গোপন চাবিকাঠি ভাবলে ভুল হবে। গরম লেবু পানিতে কোনো ক্ষতি নেই, তবে এতে অলৌকিকও কিছু নেই।

বিজ্ঞাপন

আরো পড়ুন

এই সম্পর্কে আরো পড়ুন