ভবিষ্যদ্বাণী করা সব সময়ই কঠিন। তবুও বিজ্ঞানের বর্তমান গতিপথ দেখে আমরা আন্দাজ করতে পারি, আজ থেকে ২৫-৩০ বছর পর আমাদের প্রাত্যহিক জীবন কেমন হতে পারে। ২০৫০ সালে আমরা হয়তো চাঁদের কোনো ক্যাফেতে বসে অ্যান্টি-এজিং কফিতে চুমুক দেব! চলুন, এমন ১০টি প্রযুক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক, যা আমাদের পৃথিবীকে চিরতরে বদলে দিতে পারে।
১. ন্যানো-মেডিসিন
ভবিষ্যতে ওষুধ মানে কেবল বড়ি বা ইনজেকশন নয়; ব্যবহৃত হবে ন্যানোপ্রযুক্তি। এই প্রযুক্তি কাজ করে মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ ক্ষুদ্র পরিসরে। আমাদের একটি চুলের প্রস্থ যেখানে ৮০ থেকে ১০০ হাজার ন্যানোমিটার, সেখানে এই প্রযুক্তির সূক্ষ্মতা সহজেই বোঝা যায়। ন্যানোমিটার স্কেলের ক্ষুদ্র রোবট সরাসরি শরীরের আক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দেবে। এমনকি মস্তিষ্কের ব্লাড-ব্রেইন ব্যারিয়ার ভেদ করে আলঝেইমার বা ক্যানসারের চিকিৎসায় অংশ নেবে এই খুদে চিকিৎসকেরা।
২. ব্যবসার কেন্দ্র মহাকাশ
একসময় গ্রহাণু বা চাঁদে খনি খননের ধারণা কেবল সিনেমাতেই সীমাবদ্ধ ছিল। এখন তা বাস্তব সম্ভাবনায় পরিণত হচ্ছে। চাঁদে থাকা হিলিয়াম-৩ আইসোটোপ ভবিষ্যতের ফিউশন রিঅ্যাক্টরের প্রধান জ্বালানি হতে পারে। পাশাপাশি, মহাকাশে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে মাইক্রোওয়েভের মাধ্যমে পৃথিবীতে শক্তি পাঠানোর পরিকল্পনাও এগোচ্ছে।
৩. ব্যাটারির বিদায় ও সুপারক্যাপাসিটর
লিথিয়াম-আয়ন ব্যাটারির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আসছে সিলিকন অ্যানোড বা মেটাল-এয়ার ব্যাটারি। তবে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে সুপারক্যাপাসিটর। এটি কয়েক সেকেন্ডেই চার্জ হবে এবং প্রচলিত ব্যাটারির তুলনায় অনেক বেশি টেকসই হবে।
৪. স্পেশিয়াল কম্পিউটিং
স্মার্টফোনের যুগ হয়তো একদিন জাদুঘরে ঠাঁই পাবে। তার জায়গায় আসবে হালকা চশমার মতো ডিভাইস, যা চোখের সামনে ভাসমান ডিজিটাল জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। চোখের মণির নড়াচড়া ও কণ্ঠস্বর দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে সবকিছু।
৫. ডিজিটাল টুইন
স্বাস্থ্যসেবায় আসছে এক নতুন ধারণা ডিজিটাল টুইন। স্মার্ট ডিভাইস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হবে আপনার একটি ভার্চ্যুয়াল সংস্করণ। কোনো ওষুধ বা ডায়েট শরীরে কী প্রভাব ফেলবে, তা আগেভাগেই এই ডিজিটাল সংস্করণের ওপর পরীক্ষা করা যাবে।
৬. জিন এডিটিং
বংশগত রোগ কি চিরতরে দূর করা সম্ভব? ক্রিসপার প্রযুক্তি বলছে, সম্ভব। ভবিষ্যতে জিন সম্পাদনার মাধ্যমে জন্মের আগেই ভ্রূণের ডিএনএ থেকে জটিল রোগ সরিয়ে ফেলা যাবে। এমনকি ক্যানসারের মতো রোগও ডিএনএ পর্যায়ে নিরাময় করা সম্ভব হতে পারে।
৭. অদৃশ্য হওয়ার চাদর
মেটাম্যাটেরিয়াল এমন এক উপাদান, যা আলোর পথ বদলে দিতে পারে। বিজ্ঞানীরা এমন আবরণ তৈরির চেষ্টা করছেন, যা কোনো বস্তুকে চোখের আড়াল করে দিতে পারে। পাশাপাশি, সেলফ-হিলিং কংক্রিট প্রযুক্তি ভবিষ্যতে রাস্তা ও ভবনের ফাটল নিজে থেকেই মেরামত করতে সক্ষম হবে।
৮. কোয়ান্টাম এআই
কোয়ান্টাম কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় সৃষ্টি করবে নতুন যুগ। এই প্রযুক্তি মুহূর্তের মধ্যে জটিল সমস্যার সমাধান করতে পারবে। ফলে বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি দেখা যাবে।
৯. মহাকাশের পরিচ্ছন্নতা
পৃথিবীর কক্ষপথ এখন নানা ধরনের আবর্জনায় ভরা। উচ্চগতিতে ছুটে চলা ক্ষুদ্র বস্তুগুলোও মহাকাশযানের জন্য বিপজ্জনক। ভবিষ্যতে লেজার বা বিশাল জালের সাহায্যে এই আবর্জনা পরিষ্কার করার প্রযুক্তি ব্যবহৃত হবে।
১০. নিউক্লিয়ার ফিউশন
নিউক্লিয়ার ফিশনের বদলে ফিউশন প্রযুক্তি ভবিষ্যতের শক্তির উৎস হতে পারে। এতে পরমাণু একত্রিত হয়ে শক্তি উৎপন্ন করে, যা তুলনামূলকভাবে নিরাপদ এবং কম তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে। ফলে এটি পরিবেশবান্ধব ও প্রায় অফুরন্ত শক্তির সম্ভাবনাময় উৎস।
সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস