গেমিং পিসি এমন এক স্বপ্নযন্ত্র, যা শৈশবের কল্পনার ভেতরেই প্রথম আলো জ্বালে; ঈদের সালামি জমিয়ে, টিউশনের টাকা বাঁচিয়ে কিংবা পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে অনেকেই ধীরে ধীরে গড়ে তোলে নিজের কাঙ্ক্ষিত সেটআপ, কিন্তু টাকা জোগাড়ের পরই শুরু হয় আসল লড়াই, বাজারে গিয়ে দেখা যায় কখনো ভালো জিপিইউ নেই, কখনো পছন্দের সিপিইউ উধাও, কিছুদিন আগেও ক্রিপ্টো মাইনিংয়ের দৌড়ে জিপিইউর দাম আকাশে উঠেছিল, এখন আবার নকল এসএসডির ভিড়ে বিভ্রান্তি, অথচ এতদিন যে জিনিসটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি সেটাই হঠাৎ আলোচনার কেন্দ্রে র্যাম, কারণ নতুন ডিডিআর প্রযুক্তির র্যাম একসময় দ্রুতগতির এবং সাশ্রয়ী হলেও এখন তার দাম যেন রকেটের মতো ছুটছে।
গত এক বছরে আন্তর্জাতিক বাজারে র্যামের দাম কয়েকগুণ বেড়েছে, এমনকি হঠাৎ করেই স্থানীয় বাজারেও দ্বিগুণ হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এমন হলো, যখন বিশ্বরাজনীতির বড় বড় অস্থিরতা কিছুটা শান্ত, ডলারের দামও তুলনামূলক স্থিতিশীল; এই অদ্ভুত ধাঁধার উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে মেমরির আসল গুরুত্ব, কারণ ভারী সফটওয়্যার চালাতে গিয়ে পিসি স্লো হয়ে যাওয়া কিংবা এআই কাজের জন্য জিপিইউর এত প্রয়োজনীয়তা। সবকিছুর কেন্দ্রে আছে এই মেমরি, যা প্রসেসর আর ডেটার মধ্যে এক ধরনের জীবন্ত সেতু তৈরি করে; র্যামকে যদি মানুষের শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থার সঙ্গে কল্পনা করা হয়, তাহলে প্রসেসর হলো মস্তিষ্ক আর ডেটা হলো অক্সিজেন, হৃদপিণ্ড যেমন অক্সিজেন পাম্প করে শরীর সচল রাখে, তেমনি র্যাম দ্রুত ডেটা পৌঁছে দিয়ে কম্পিউটারকে সচল রাখে, আর এই প্রবাহে ব্যাঘাত ঘটলেই যেমন শরীর দুর্বল হয়ে পড়ে, তেমনি কম্পিউটারও ধীর হয়ে যায়; এতদিন সাধারণ ব্যবহারকারীর জন্য প্রচলিত ডি-র্যাম প্রযুক্তি যথেষ্ট ছিল।
কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্ফোরণের পর পরিস্থিতি বদলে যায়, কারণ মেশিন লার্নিং আর ডিপ লার্নিং মূলত অসংখ্য সংখ্যার ওপর একসাথে গাণিতিক অপারেশন চালানোর খেলা, যেখানে ম্যাট্রিক্স গুণন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই কাজগুলো সিপিইউ একা সামলাতে গেলে ধীর হয়ে পড়ে, কারণ সে অল্প কয়েকটি কাজ ধারাবাহিকভাবে করতে পারে, বিপরীতে জিপিইউ হাজার হাজার কোর নিয়ে একই ধরনের হিসাব একসঙ্গে করতে পারে, যেন এক বিশাল শ্রমিকদল একই কাজ একযোগে করছে; কিন্তু এখানেই আসে নতুন সমস্যা। এই দ্রুতগতির জিপিইউকে যদি র্যাম পর্যাপ্ত গতিতে ডেটা সরবরাহ করতে না পারে।
তাহলে পুরো সিস্টেমের গতি কমে যায়, ফলে পুরনো ডিডিআর৪ বা ডিডিআর৫ প্রযুক্তি ক্লক স্পিড বাড়ানো বা মেমরি চ্যানেল বাড়ানোর মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও তাতে তাপ, বিদ্যুৎ খরচ এবং লেটেন্সির মতো নতুন সমস্যা তৈরি হয়, যেন রাস্তা চওড়া করেও যানজট পুরোপুরি কমানো যাচ্ছে না; এই সীমাবদ্ধতা কাটাতে এসেছে হাই ব্যান্ডউইথ মেমরি বা এইচবিএম, যা থ্রিডি স্ট্যাকিং প্রযুক্তির মাধ্যমে একাধিক মেমরি স্তরকে একসাথে সাজিয়ে প্রসেসরের খুব কাছে বসিয়ে দেয়, ফলে ডেটা চলাচল হয় দ্রুত, শক্তি খরচ কমে এবং লেটেন্সি হ্রাস পায়, তাই এখন এআই অ্যাক্সিলারেটর, আধুনিক জিপিইউ এবং বিশাল ডেটা সেন্টারের জন্য এটি প্রায় অপরিহার্য হয়ে উঠেছে; কিন্তু সমস্যা হলো, এই নতুন প্রযুক্তির চাহিদা এত দ্রুত বেড়েছে যে বিশ্বের বড় বড় কোম্পানি, এসকে হাইনিক্স, স্যামসাং এবং মাইক্রন টেকনোলজি।
তাদের উৎপাদনের বড় অংশই এখন এইচবিএম তৈরিতে সরিয়ে নিচ্ছে, কারণ এখানেই বেশি লাভ, ফলে সাধারণ ডি-র্যাম উৎপাদন কমে যাচ্ছে এবং বাজারে সরবরাহ সংকুচিত হচ্ছে; এর সঙ্গে যুক্ত হয়েছে অলিগোপলি বাজারব্যবস্থা, যেখানে হাতে গোনা কয়েকটি কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করে, ফলে দাম বাড়লেও ভোক্তার করার মতো তেমন কিছু থাকে না; আর এই পুরো পরিবর্তনের পেছনে রয়েছে এআই বিপ্লব, যেখানে ওপেনআই বা গুগলের মতো প্রতিষ্ঠানগুলো তাদের পরবর্তী প্রজন্মের মডেল প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ উচ্চগতির মেমরি ব্যবহার করছে, যার ঢেউ এসে আঘাত করছে তোমার স্বপ্নের গেমিং পিসির ওপর, ফলে প্রযুক্তির এই দৌড়ে এগিয়ে যাওয়ার খরচটা অল্প অল্প করে গুনতে হচ্ছে আমাদের সবারই।