দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন তিন স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ‘অনার ৬০০ প্রো’, ‘অনার ৬০০’ ও ‘অনার ৬০০ লাইট’ মডেলের এই তিনটি প্রিমিয়াম স্মার্টফোন গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে নতুন স্মার্টওয়াচ ও ইয়ারবাডও উন্মোচন করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করার জন্য প্রতিষ্ঠানটি ‘আলফা ল্যাব’ স্থাপন করেছে। এই গবেষণাগারে ব্যাটারি, ডিসপ্লে, রোবোটিকস ও এআই প্রযুক্তি নিয়ে কাজ চলছে। তিনি আরও জানান, ২০২৫ সালে সৌদি আরবে অনার ২৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে এবং শ্রীলঙ্কার বাজারে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। বাংলাদেশে আইকনিক এআই ইমেজিং প্রযুক্তিসমৃদ্ধ অনার ৬০০ সিরিজ ও বিভিন্ন এআইওটি পণ্য আনতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।
অনার বাংলাদেশের বিজনেস বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে অনার এখন আস্থার একটি নাম। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই নতুন এই সিরিজ বাজারে আনা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, অনার ৬০০ সিরিজের প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। ফোনগুলোতে অনারের নিজস্ব ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ টুল ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে স্থির ছবি থেকে দ্রুত উচ্চমানের ভিডিও তৈরি করা সম্ভব। পাশাপাশি একাধিক ছবি ব্যবহার করে চলচ্চিত্রধর্মী ভিডিও তৈরির মতো উদ্ভাবনী সুবিধাও যুক্ত করা হয়েছে।
সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল অনার ৬০০ প্রোতে ব্যবহার করা হয়েছে ম্যাট ধাতব কাঠামো। টেকসই সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং, যা ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে উচ্চমাত্রার সুরক্ষা দেবে। উন্নত ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রানাইট ক্যামেরা ও টেলিফটো স্ট্যাবিলাইজেশন সুবিধা। ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও ব্যবহার করা হয়েছে। কমলা, কালো ও সোনালি রঙে বাজারে আসা অনার ৬০০ প্রোর দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। অন্য দুটি মডেল অনার ৬০০ ও অনার ৬০০ লাইটেও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফোন দুটির দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ টাকা ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।