ইউরেনিয়াম হতে যেভাবে বিদ্যুৎ তৈরি হয়

ইউরেনিয়াম হতে যেভাবে বিদ্যুৎ তৈরি হয়

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে

প্রকৃতিতে ইউরেনিয়ামের দুটি আইসোটোপ পাওয়া যায়, ইউরেনিয়াম-২৩৮ (২৩৮U) ও ইউরেনিয়াম-২৩৫ (২৩৫U); দুটোই তেজস্ক্রিয়।

বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে সরাসরি প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহৃত হয় না, এনরিচমেন্ট নামে বিশেষ প্রক্রিয়ার পর এগুলো ব্যবহারোপযোগী হয়; প্রাকৃতিক ইউরেনিয়ামে ২৩৮U-এর পরিমাণ থাকে প্রায় ৯৯.৩ শতাংশ, আর ২৩৫U থাকে ০.৭ শতাংশ; এনরিচমেন্টের মাধ্যমে মূলত ২৩৫U-এর পরিমাণ বাড়িয়ে আনা হয় প্রায় ৫ শতাংশে, কারণ ভারসাম্যপূর্ণ চেইন বিক্রিয়া পেতে এর বিকল্প নেই।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোরের ভেতরে এনরিচড জ্বালানিগুলো সাজিয়ে রাখা হয়। সেখানেই এগুলোর ওপর আঘাত করা হয় বিশেষ ধরনের নিউট্রন দিয়ে; ফলে ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপের নিউক্লিয়াস ভেঙে উৎপন্ন হয় অপেক্ষাকৃত ছোট দুটি নিউক্লিয়াস, নতুন কয়েকটি নিউট্রন ও বিপুল পরিমাণ শক্তি। সব ঠিক থাকলে উৎপন্ন নতুন নিউট্রনগুলো পার্শ্ববর্তী অন্য ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপের নিউক্লিয়াসকে আঘাত করে, তখন আবার আগের মতোই তৈরি হয় দুটি নিউক্লিয়াস, নতুন নিউট্রন ও শক্তি। এই প্রক্রিয়া চলমান থাকলে শক্তির পরিমাণ ক্রমে বাড়তে থাকে।

এভাবে অবমুক্ত বিপুল শক্তি ব্যবহার করে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাধারণত পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পের গতিশক্তি কাজে লাগিয়ে ঘোরানো হয় টারবাইনের ব্লেডগুলো; ফলে ঘুরতে থাকে এর সঙ্গে যুক্ত শ্যাফট, আর তখনই জেনারেটরে উৎপন্ন হয় কাঙ্ক্ষিত বিদ্যুৎ।

শক্তি উৎপাদনের পদ্ধতিটুকু ছাড়া টারবাইন ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মূলনীতি প্রায় সব ধরনের বিদ্যুৎকেন্দ্রেই একই; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তি উৎপাদনের জন্য ফিশন বিক্রিয়া ঘটানো হয়, অন্যদিকে প্রচলিত বিদ্যুৎকেন্দ্রে পোড়ানো হয় কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি, আর নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কাজে লাগানো হয় পানির স্রোত, সৌরশক্তি ইত্যাদি।

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
1 Comment