দীর্ঘ প্রায় ৫৪ বছরের অপেক্ষার অবসান! নাসার মেগারকেট স্পেস লঞ্চ সিস্টেম এবং ওরিয়ন ক্যাপসুলে চেপে চার নভোচারী অবশেষে চাঁদের পানে উড়াল দিয়েছেন। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ মিশনের পর এই প্রথম মানুষ পৃথিবীর নিম্ন কক্ষপথ ছাড়িয়ে মহাকাশের এত গভীরে যাত্রা করল।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইউএস ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এই ঐতিহাসিক উৎক্ষেপণ সম্পন্ন হয়। আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত ১০টা ২৪ মিনিট। আর বাংলাদেশ সময় অনুযায়ী এই ঐতিহাসিক মুহূর্তটি ঘটে ২ এপ্রিল, বৃহস্পতিবার ভোর ৪টা ২৪ মিনিটে! বর্তমানে রকেটটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে।