ব্যবহারকারীদের আদান–প্রদান করা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। ‘এক্সচ্যাট’ নামের এই অ্যাপটিতে বিজ্ঞাপনবিহীন যোগাযোগের পাশাপাশি বিশেষ কোড যুক্ত করে তথ্য আদান–প্রদান করা যাবে, ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে না।
এক্সের তথ্য অনুযায়ী, এক্সচ্যাটে বার্তা আদান–প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও কল, ফাইল শেয়ার এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকবে, একই সঙ্গে পাঠানো বার্তা সম্পাদনা বা মুছে ফেলার সুযোগও মিলবে। প্রাথমিকভাবে অ্যাপটির আইওএস ও আইপ্যাডওএস সংস্করণ উন্মুক্ত করা হয়েছে, তাই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। এক্সের দাবি, এক্সচ্যাটে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এটি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম শনাক্ত করবে না, ফলে স্বচ্ছন্দে যোগাযোগ করা সম্ভব হবে।
এক্স ব্যবহারকারীরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার করেই তাৎক্ষণিকভাবে এক্সচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করতে আলাদা কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট প্রয়োজন হয় না, কিন্তু এক্সচ্যাট ব্যবহারের জন্য অবশ্যই এক্সে অ্যাকাউন্ট থাকতে হবে, যা অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ম্যাশেবল।