একটা সময় হয়তো খুব কাছে, যখন ঘরের সব কাজ একজন রোবট সারাদিন ধরে করে দেবে। সম্প্রতি চীনের রোবটিক্স কোম্পানি ইউনিক্স এআই জানিয়েছে, তারা ‘প্যান্থার’ নামে একটি হিউম্যানয়েড সার্ভিস রোবট বাজারে এনেছে, যা মূলত ঘরের কাজে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
রোবটটির ওজন ৮০ কেজি, উচ্চতা ১ দশমিক ৬ মিটার। একবার চার্জ দিলে এটি ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। কোম্পানি একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে প্যান্থার বিছানা বানাচ্ছে, কাউন্টারটপ ও টয়লেট পরিষ্কার করছে, এমনকি সকালের নাস্তা বানাচ্ছে। আর শুধু প্রচারেই থেমে থাকছে না তারা, বাণিজ্যিক ডেলিভারিও শুরু করে দিয়েছে। মানে রোবটটা এখন রিয়েল লাইফে ব্যবহারের জন্য তৈরি। ইউনিক্স এআইয়ের সিইও ফ্রেড ইয়াং জানিয়েছেন, তারা শুধু প্রযুক্তি বা পণ্য বানাচ্ছেন না, বরং রোবটগুলোকে ঘরে, হোটেলে, পাবলিক স্পেসে। সর্বত্র নিয়ে যেতে চান, যাতে সেগুলো সমাজের জন্য বিশ্বাসযোগ্য প্রোডাক্টিভিটি টুল হয়ে ওঠে।
প্যান্থারের বিশেষত্ব হচ্ছে এর দুটি বাহু, যাতে মোট ৩৪টি জয়েন্ট আছে। হাতের অংশে আছে বুদ্ধিমান ‘গ্রিপার’, যা বিভিন্ন আকারের জিনিস ধরা শিখেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এটি ডিম ভাজার সময় স্প্যাচুলা ধরছে, আবার টয়লেট পরিষ্কারের সময় ব্রাশ। কাজ শেষে সিঙ্কে হাত ধুয়ে টাওয়েলে মুছতেও ভোলে না। অনেক হিউম্যানয়েড রোবটের মতো পা বদলে চাকা ব্যবহার করায় প্যান্থারের পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। চার চাকার এই সিস্টেম ঘরের ভেতরে খুব সহজেই নড়াচড়া করতে পারে। লিডার ও আল্ট্রাসনিক সেন্সরের সাহায্যে এটি তার অবস্থান বের করতে পারে, আর চলতে পারে সেকেন্ডে প্রায় ১ দশমিক ৮৯ মিটার। যা প্রায় দ্রুত হাঁটার গতির সমান।
ইউনিক্স এআই বলছে, তারা সবচেয়ে হিউম্যানলাইক রোবট বানানোর চেয়ে বরং স্থিতিশীল ও নমনীয় একটি মেশিন তৈরিতে মন দিয়েছেন। প্রাথমিক পরীক্ষায় প্যান্থার চা বানানো, কিচেন পরিষ্কার করা, ওয়াশিং মেশিন চালানো। এসব কাজ সফলভাবে করতে পেরেছে। এটি শেখার জন্যও সক্ষম, একে একে কাজ শিখে নিজে নিজে করতে পারে। শুধু ঘরের কাজ নয়, প্যান্থার খুচরা বিক্রি, অভ্যর্থনা, ট্যুর গাইড, প্রবীণ ও শিশুদের সঙ্গ দেওয়া, গবেষণা ও শিক্ষা। এসব ক্ষেত্রেও সাহায্য করতে পারে। তবে দাম কত, সেটা কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়নি।
সূত্র: লাইভ সায়েন্স