ম্যানগ্রোভের গহিন অরণ্য, লবণাক্ত পানির ঢেউ আর গোলপাতার ঝোপে ঘেরা সুন্দরবন যেন প্রকৃতির এক আদিম রূপ। যেখানে মানুষের পদচারণা সীমিত, সেখানে প্রযুক্তির উপস্থিতি একসময় ছিল কল্পনাতীত। বিশেষ করে সুন্দরবনের গভীর অঞ্চলের পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলোতে দুর্বল মোবাইল নেটওয়ার্ক ছিল নিত্যদিনের ভোগান্তি। তবে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় তৈরি করছে নতুন সম্ভাবনা।
দীর্ঘদিন ধরেই সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম বড় অভিযোগ ছিল ধীরগতির ইন্টারনেট। বনের ভেতরে মোবাইল টাওয়ারের স্বল্পতা এবং ঘন অরণ্যের কারণে তরঙ্গ বাধাপ্রাপ্ত হওয়ায় সাধারণ থ্রি-জি বা ফোর-জি সেবা খুব একটা কার্যকর হতো না। কিন্তু স্টারলিংক সেই সমস্যার কার্যকর সমাধান এনে দিয়েছে। কোনো মোবাইল টাওয়ার বা ভূগর্ভস্থ কেব্ল ছাড়াই সরাসরি উপগ্রহের মাধ্যমে এখন সুন্দরবনে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে।
বর্তমানে পর্যটনের ধরন বদলে গেছে। মানুষ এখন ভ্রমণে গিয়েও পুরোপুরি কাজ থেকে বিচ্ছিন্ন থাকতে চায় না, বিশেষ করে যারা “ওয়ার্কেশন” ধারণায় বিশ্বাসী। সুন্দরবনে স্টারলিংকের ব্যবহার এমন পর্যটকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট এই ধরনের সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, এই প্রযুক্তির জন্য স্থানীয় অবকাঠামোর ওপর নির্ভর করতে হয় না। শুধু একটি বহনযোগ্য রিসিভার এবং পাওয়ার ব্যাকআপ থাকলেই দুর্যোগের মধ্যেও বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখা সম্ভব।
সুন্দরবনের আশপাশের উপজেলাগুলোতে সীমিত ব্রডব্যান্ড সুবিধা থাকলেও তার গতি ও স্থায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল। স্টারলিংক সেই শূন্যতা পূরণ করে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। সুন্দরবনের প্রান্তিক জনপদে ইন্টারনেটের এই সহজলভ্যতা শুধু পর্যটনেই সীমাবদ্ধ নয়। স্থানীয় তরুণদের ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা এবং ই–কমার্স ব্যবসাতেও উচ্চগতির ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। একই সঙ্গে সুন্দরবন–সংশ্লিষ্ট গবেষকেরাও এখন স্টারলিংকের মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে তথ্য আদান–প্রদান করতে পারছেন। তবে উচ্চমূল্যের কারণে স্টারলিংক এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। খরচ কিছুটা কমানো গেলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে প্রযুক্তিনির্ভর আরও বিস্তৃত সুযোগ তৈরি হতে পারে।
তথ্যসূত্রঃ প্রথম আলো