ইমেইল ঠিকানা পরিবর্তন সুবিধা চালু করল গুগল

ইমেইল ঠিকানা পরিবর্তন সুবিধা চালু করল গুগল

Hossain Hawlader
লেখকঃ Hossain Hawlader
2 মিনিট পড়তে লাগবে

ডিজিটাল পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ই–মেইল ঠিকানা। আর এ ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন অনেকেই। তবে একবার জিমেইল অ্যাকাউন্ট তৈরির পর সেটি বদলানোর সুযোগ না থাকায় পুরোনো বা অপ্রাসঙ্গিক অ্যাকাউন্টের বদলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়। এ সমস্যা সমাধানে কোনো তথ্য না হারিয়েই জিমেইল ঠিকানায় প্রথম অংশ পরিবর্তনের সুবিধা চালু করেছে গুগল।

গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইল ঠিকানার @gmail.com এর আগের অংশ পরিবর্তন করা যাবে। ঠিকানা পরিবর্তনের পর পুরোনো ঠিকানাও চালু থাকবে; অর্থাৎ পুরোনো বা নতুন যেকোনো ঠিকানায় পাঠানো ই–মেইল একই ইনবক্সে জমা হবে। প্রয়োজনে পুরোনো ঠিকানা ব্যবহার করে ই–মেইলও পাঠানো যাবে। ফলে বিভিন্ন সেবা ব্যবহারের জন্য ই–মেইল ঠিকানা হালনাগাদ করার ঝামেলা কমবে। একই সঙ্গে অ্যাকাউন্টে সংরক্ষিত ই–মেইল, ছবি ও অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

জিমেইল ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ও আইওএস সব প্ল্যাটফর্মে একই ধরনের। ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ‘পারসোনাল ইনফো’ অংশে গিয়ে ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই–মেইল’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে পছন্দের নতুন ব্যবহারকারীর নাম লিখলে সেটি ব্যবহারযোগ্য কি না, তা তাৎক্ষণিকভাবে দেখা যাবে। তবে ব্যবহারকারীর নাম পরিবর্তনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে গুগল। ব্যবহারকারী যেকোনো সময় তাঁর পুরোনো (বিকল্প) জিমেইল ঠিকানায় ফিরে যেতে পারবেন। তবে নতুন নামটি বাছাই করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ, সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তন করা যাবে।

প্রযুক্তিবিশ্বে বেশ কিছুদিন ধরেই জিমেইলে ঠিকানা পরিবর্তনের সুবিধা চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সুবিধাটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

সূত্র: জেডডিনেট

শেয়ার করুন
লেখকঃHossain Hawlader
অনুসরণ করুন
আমি হোসাইন হাওলাদার। আমি mehrab360.com এ একজন সম্পাদক হিসেবে কাজ করছি। আমি সরকারি ব্রজলাল কলেজ, খুলনা এর পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ইমেইল: [email protected]
মন্তব্য করুন